গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এজিএস শেখ মেজবাহ উদ্দিন (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার শেখ মো. হুমায়ুন কবিরের ছেলে। মেজবাহ গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ডিজেল, পেট্রোল,মবিলসহ জ্বালানী তেলের ব্যবসা করতেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে মবিল বিক্রি করে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পিকআপ ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় শেখ মেজবাহ উদ্দিন, পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হন।
গুরুতর আহত শেখ মেজবাহ উদ্দিনকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন মোল্লা শোক জানিয়েছেন।
রবিবার বাদ মাগরিব শহরের আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
আরও পড়ুনঃ কালিহাতীতে দুই ‘জিনের বাদশা’ আটক
উল্লেখ্য, নিহত শেখ মেজবাহ উদ্দিন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভির) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ অহেদুল হকের ভাগ্নে।
ইত্তেফাক/নূহু

