শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঞা তার সমর্থক শাহবাজপুর সেকেন্ড জমাদ্দার পাড়া বিএনপির সমর্থক জুনায়েদকে (২৮) টিআর এর চাল বরাদ্দ দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক ফাস্ট গেইট এলাকার যুবদল প্রভাবশালী নেতা জুয়েল (৩০)।
অভিযোগ ওঠে জুয়েল উকিল আবদুস সাত্তার ভূঞা এমপিকে গালিগালাজ করে। এ ঘটনায় সাত্তার সমর্থক জুনায়েদ প্রতিবাদ জানায়। এ নিয়ে দুই দলের মধ্যে বিরোধ তৈরি হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে জুয়েল সমর্থকরা জুনায়েদ সমর্থক ব্যবসায়ী বাবুল মিয়াকে মারধোর করলে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় মহাসড়কে কয়েকশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে জুনায়েদসহ উভয়পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। এ সময় মহসড়কে বেশ কয়েকটি দোকান ভাংচুর চালায় দাঙ্গাবাজরা।
খবর পেয়ে ভৈরব ক্যাম্প থেকে র্যাব সদস্যরা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক থেকে দাঙ্গাবাজদের সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ১১ দিন নিখোঁজ থাকার পর জেলের লাশ উদ্ধার
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঞা বলেন, বিএনপির দুইপক্ষের সংঘর্ষে মহাসড়ক কিছু সময় বন্ধ ছিলো। এখন পরিস্থিতি স্বাভাবিক।
ইত্তেফাক/নূহু

