শ্রীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৮:৪৬

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রাসেল (৩২) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। ২ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ জানান, অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এছাড়া আশেপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানি সংকট ও কারখানার ভেতরের রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ মিল কর্তৃপক্ষ জানাতে পারেনি।

ইত্তেফাক/নূহু