দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ দেবে দুদক

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৮:০৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, 'দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেওয়া হবে।' বৃহস্পতিবার কুষ্টিয়া চৌড়হাস এলাকায় দুদকের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'ইতিমধ্যে দুদক বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। দুদক এখন নিজে মামলা ফাইলসহ চার্জশীট প্রদান করছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে। নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্য দিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দুর্নীতি থাকবে না।'

তিনি আরও বলেন, 'দুদকে সকল বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে। সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরণ সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সে কারণে নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং দেওয়ার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।' কুষ্টিয়াতে দুদক এতদিন অন্যের ভাড়া বাসায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতো। এখন থেকে দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তারা স্বাচ্ছন্দ্যে নতুন উদ্যমে কাজ করবেন বলে দুদক কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ; আপোসকারীদের দুইজন আটক

কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দুদক ভবনের সামনে একটি নিম গাছ রোপণ করেন কমিশনার।

ইত্তেফাক/জেডএইচডি