নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এসআইয়ের নির্দেশে মসজিদে মুসুল্লিদের ওপর হামলা চালিয়ে আহত করা, মামলা রেকর্ডে টালবাহানা এবং ঘটনার মূল হোতা রাজশাহী ডিবি পুলিশের এসআই শফিকুল ইসলামকে বাদ দিয়ে চার্জশীট প্রদানের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন তারা।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার গয়লারঘোপ গ্রামের কফিল উদ্দিন বলেন, গত বছরের ১৫ জুন মসজিদে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে বিরোধ হয়। তার জের ধরে এসআই শফিকুল ইসলামের নির্দেশে ১৪/১৮জন সন্ত্রাসী কফিল উদ্দিনসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে।
এই ঘটনার জের ধরে চলতি বছর ১ মার্চ আব্দুল বাকিকে দোকানে বসে থাকা অবস্থায় হামলা চলিয়ে আহত করে। এ বিষয়ে মামলা করা হলে পুলিশ এসআই শফিকুল ইসলামকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করে। অথচ ঘটনার সময় পুলিশ শফিকুল ইসলামের উপস্থিতি স্বচক্ষে দেখে।
সংবাদ সম্মেলনে তারা এসআই শফিকুল ইসলামের নাম চার্জশীটে অন্তর্ভুক্তসহ ন্যায় বিচারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহত শফিকউদ্দিন মোল্লা, নাজিম উদ্দিন মোল্লা, আব্দুল্লাহ সহ অন্যরা।
আরও পড়ুন: নেত্রকোনায় শিশু সজীব হত্যা ঘটনায় দুটি পৃথক মামলা
এ অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম দাবি করেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।
ইত্তেফাক/নূহু

