রামুর পাহাড় থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৫:৩৯

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা গর্জনিয়ার কালিবইন্ন্য বালুরঘোনা রাবার বাগান থেকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে খবর পেয়ে দুপুরে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে রামু থানায় নিয়ে এসেছে। 

নিহত আবদুল মোতালেব (৩৪) রামুর গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াঙ্গারকাটা এলাকার হাজী মো. হাসান ওরফে ডবল হাজির ছেলে। 

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গহীন পাহাড়ে একটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। নিহত যুবকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে নাইক্ষংছড়ি থানায়। ডাকাত গ্রুপে বনিবনা না হওয়ায় সংঘর্ষে তার মৃত্য হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

এদিকে, স্থানীয় লোকেরা জানায়, আবদুল মোতালেব গভীর বনে শুকর শিকার করে পাহাড়ি এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের চাকমা, মুরং, বড়ুয়া ও রাখাইনদের কাছে বিক্রি করতেন। সোমবার দিবাগত রাতেও শুকর শিকার করার কথা বলে বের হয়েছিলেন তিনি। এমনটি স্বীকার করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল জব্বারও। 

আরও পড়ুন: চার বছরেও চালু হয়নি বেনাপোল স্থল বন্দরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

এরপর কে বা কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে কাজ করছে পুলিশ এমনটি জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু