পুত্র হত্যায় পিতা আটক

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৭:১৯

টাঙ্গাইলের নাগরপুরে মো. মাসুদ মিয়া (২০) নামের মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পিতা ও বড় ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশাদহ গ্রামের এ ঘটনা ঘটে। পিতা সাবেক ইউপি সদস্য মো. মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন বড় ভাই মতিয়ার রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ শুক্রবার সকালে তার পিতা মফিজ উদ্দিনের কাছে এক লাখ টাকা দাবি করে। পিতা দিতে অস্বীকার করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদ উত্তেজিত হয়ে বাড়ির ফ্রিজ ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় পিতা মফিজ উদ্দিন ছেলেকে নিবৃত করতে চড় থাপ্পড় মারেন। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বড় ভাই মতিয়ার কোদালের ঘাড়া দিয়ে মাসুদকে উপর্যপুরি পেটালে সে মাটিতে লুটিয়ে পড়ে। 

আরও পড়ুন: মাজেদার ঠাঁই হলো সেফহোমে

স্বজনরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের পিতা সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অনি