মতলবে মাদরাসা ছাত্রের হত্যার ঘটনায় আটক ১, মস্তক উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৭:৩১

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র সোহেল রানা হত্যা মামলায় ফরহাদ হোসেন খলু (১৮) নামে একজনকে মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটককৃতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিহত সোহেলের মস্তক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মামলায় সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৪টার দিকে সোহেল রানা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এলাকা থেকে পুলিশ ফরহাদ হোসেন খলুকে আটক করে। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা হত্যার সঙ্গে জড়িত ও মস্তক পুকুরে ফেলে দেওয়ার কথা জানায়। পরে পুলিশ মঙ্গলবার যে পুকুর পাড় থেকে সোহেলের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছিল সেই পুকুর থেকেই মস্তক উদ্ধার করা হয়। 

একাধিক এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এলাকাবাসী মস্তক উদ্ধার ও তার মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েছি। কেউ কাউকে এমনভাবে মারতে পারে! পেয়ারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, 'সোহেল ও ফরহাদ দুজনই আমার স্কুলের একই ক্লাশের ছাত্র ছিলো।'

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল ২০ আগস্ট ময়না তদন্ত শেষে পেয়ারীখোলা বাজার মোড়ে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সোমবার রাতেই নিহতের বড় ভাই সাইফুল ইসলাম সোহাগ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, 'আটক ফরহাদ প্রতিবেশী সম্পর্কে আমার চাচাতো ভাই। একটি মোবাইলের জন্য আমার ভাইকে মেরে ফেলেছে। আমার পরিবারের এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার চাই।'

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, 'এ হত্যা মামলার তদন্ত কাজ ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে ফরহাদ হোসেন ফলুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে সোহেলের মস্তক উদ্ধার করা হয়। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তদন্তের স্বার্থে বলতে পারছি না। তবে তার কাছে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল সেটের জন্য এ ঘটনা ঘটতে পারে।'

আরও পড়ুন: কুকুরের মুখে নবজাতক, উদ্ধার করলেন এসআই

উল্লেখ্য, গত ১৯ আগস্ট সোমবার দুপুরে সোহেল রানার (১৭) মস্তকবিহীন লাশ পরিত্যাক্ত নতুনবাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে উদ্ধার করে থানা পুলিশ। তাদের বাড়ি উপজেলার উত্তর পেয়ারীখোলা গ্রামে। তার পিতার নাম জমির হোসেন তালুকদার ও মাতা সামছুন নাহার। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সোহেল রানা দ্বিতীয়।

ইত্তেফাক/নূহু