ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের নাম ফাতেমা আক্তার। তিনি মির্জাপুর উপজেলার হারিয়া গ্রামের সেলিম আহমদের স্ত্রী। তিনি ধামরাইয়ে ননদের বাসায় বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই টুলিভিটা বাস স্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক এসে ওই নারী পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : দীঘিনালায় ‘গোলাগুলিতে’ তিন ইউপিডিএফ কর্মী নিহত
এ ব্যাপারে ধামরাই থানার এস আই কামরুল ইসলাম জানান, রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহতের স্বজনদের জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেআই

