সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার মধ্য রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে গেছে স্বজনরা।
নিহতের স্বামী আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ২৬ আগস্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসা নেন। এ সময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা তুলনামূলক ভাল থাকায় হাসপাতালে ভর্তি না রেখে খাদিজা বেগমকে বাসায় নিয়ে যাওয়া হয়। শনিবার বিকালে তার শারিরিক অবস্থার অবনতি হলে দ্রুত এনাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মুত্যৃ হয়।
এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডাক্তার ফরহাদ বলেন, শনিবার সন্ধ্যায় খাদিজা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় তার শ্বাসকষ্ট এবং প্রচুর রক্তক্ষরণ ছিলো। এ অবস্থায় তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে আইসিইউতে রাখি। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ডোমারে অপহরণ চেষ্টা, অস্ত্র উদ্ধার
উল্লেখ্য, ইতিমধ্যে সাভারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোঃ হানিফ (৩৯) নামে এক প্রাইভেটকার চালক, জুয়েল মাহমুদ নয়ন (৩৬) নামের এক ব্যক্তি এবং উখিংনু রাখাইন (১৯) নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মারা গেছেন।
ইত্তেফাক/নূহু

