লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও রাজপুর ইউনিয়নে এক রাতে ২টি বাল্য বিয়ে বন্ধ করে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন সদর উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রাণী রায়।
রবিবার রাতে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণ করার দায়ে ছাত্রীর মামা নুর ইসলাম (৩৫) এবং পৌরসভার গোশালা বাজার এলাকার বর মঞ্জু (২৩), বরের বাবা ছালাম (৫২) ও বরের মামাত ভাই ইমন হোসেনকে (২৩) ৬ মাসের কারাদণ্ড দেন সদর উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রাণী রায়।
আরও পড়ুন: রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত
অন্যদিকে রাজপুর ইউনিয়নের তাজপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে বাল্য বিয়ের সাথে সম্পৃক্ত থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ে করতে আসা সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বর রুহুল আমিনকে (১৭) ১৫ দিনের আটক আদেশ ও বরের দাদা আব্দুল আজিজকে (৬৫) ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী অফিসার জয়শ্রী রাণী রায় জানান, রাত ১ টার পরে বাল্য বিয়ে দেওয়ার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলো দুই পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করে ৭ জনকে আটক করা হয়েছে। পরে রাতেই তাদের বাল্য বিবাহ আইন ২০১৭ এর ধারা অনুযায়ী কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআরএম

