কুষ্টিয়ায় ধর্ষণ ও মাদকসহ পৃথক দুটি মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে ওই মামলা দুটির রায় ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী মাদক মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
আসামীরা হচ্ছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম ওরফে সাদিক (৩০) ও চন্দবাস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে পলাতক হাবিবুর রহমান ওরফে হবি।
এদিকে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান দুই আসামির উপস্থিতিতে ধর্ষণ মামলার এ রায়ে মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিনের ছেলে রানা (২৬) ও খলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ওরফে গোসাইকে (২৮) যাবজ্জীবন কারদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর মিরপুুর উপজেলার ভাড়ল গ্রাম থেকে স্কুলছাত্রী চিথলিয়া গ্রামে তার নানীর বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে আসামিরা তাকে জোরপুর্বক ধরে নিয়ে যায় এবং পাশ্ববর্তী কাটদহচর এলাকায় মাঠের মধ্যে উপর্যুপরি ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর নানী সামেলা খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা ২০১৪ সালের ১ জানুয়ারি মাসে আদালতে চার্জশিট দাখিল করেন। অপরদিকে ২০১৭ সালের ১৩ অক্টোবর গোয়েন্দা পুলিশ কুষ্টিয়া শহরের চালের বর্ডার এলাকা থেকে ৩শ বোতল ফেন্সিডিলসহ দুই আসামিকে আটক করে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দখিল করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এসআইয়ের প্রভাবে বাড়ির জায়গা দখলের চেষ্টা
সরকারি কৌশুলী (পিপি) এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আদালতে মামলা দুটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু

