গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:০৩

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত কাঠমিস্ত্রির নাম সুমন চন্দ্র বর্মন (২২)। তিনি উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বর্মনপাড়ার মৃত. স্বপন চন্দ্র বর্মনের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে রসুলপুর খেঁয়া ঘাট এলাকায় রসুলপুর নয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে খোকন মিয়ার ফার্নিচারের দোকানে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদর্শী ও দোকান মালিক খোকন মিয়া জানান, আমিসহ ৫জন কর্মচারী দোকানে কাজ করছিলাম। সুমন তখন দোকানের এক পাশে কাঠে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছিলেন। কিছুক্ষণ পর সুমনের অস্বাভাবিক গলার স্বর শব্দ শুনে সকলেই এগিয়ে যাই এবং দেখি ড্রিল মেশিনের তারে হাত জড়িয়ে আছে। সাথে সাথে দোকানের মেইন সুইজ বন্ধ করি এবং উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাই।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির জানান, সুমনকে হাসপাতালে আনার আগেই মারা যান। গজারিয়া থানার উপ-পরিদর্শক মো: ইয়ার আলী জানান, নিহত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ও ইমামপুর ইউনিয়ন চেয়ারম্যান মুনসুর আহম্মেদ খাঁন জিন্নার উপস্থিতিতে তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি