ইলিশ শিকারি ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে ইউএনও

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:১৩

ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ শিকারি ধরতে গিয়ে স্পীডবোট উল্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা আহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এ সময় তিনি ডান পা ও হাতে আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসার পর এখন সুস্থ আছেন তিনি।

ইউএনও জেসমিন সুলতানা জানান, ইলিশ মাছ রক্ষায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিনকে সঙ্গে নিয়ে দুটি স্পীডবোটযোগে চরহরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা নামক স্থানে পদ্মার একটি অংশে যান। এ সময় জেলেদের একটি নৌকা দেখতে পেয়ে ধাওয়া করেন। জেলেরা নৌকা পাড়ে ভিড়িয়ে দৌড় দেয়। তখন পাড় থেকে বড় একটি মাটির চাঙড় ভেঙে স্পীডবোটের ওপর এসে পড়ে। এতে বোটটি উল্টে যায়।

আরও পড়ুন: খুলনায় বরখাস্ত সহকারী কর কমিশনার গ্রেফতার

এরপর ৪ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/এএএম/নূহু