রংপুরের মিঠাপুকুরে সাইফুল ইসলাম মণ্ডল (৩৯) নামে এক মুদি ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের বাতাসন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় একটি আমগাছ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। তবে নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কচুয়া গ্রামের মোছলে উদ্দিন মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: দোহারে ইলিশ শিকারের দায়ে ২৩ জনের কারাদণ্ড
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মণ্ডল স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে বিগত সাত বছর আগে বাতাসন গ্রামের যাদু মিয়ার মেয়ে আনিছা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করেন সাইফুল।
এলাকাবাসী জানায়, সাইফুল মুদি দোকানের পাশাপাশি দাদন ব্যবসায় জড়িত ছিলেন। বুধবার সকালে বাড়ির অদূরে একটি আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় সাইফুলের লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের বউয়ের সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএএম

