আধার কার্ডের জন্য আবেদন করার পর বহু সময় পার হয়ে গেলেও কার্ড না পাওয়ায় রেগে উত্তরাখন্ডের মূখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াতের মোবাইল নম্বরে ফোন করেন সেখানকার এক ব্যক্তি! ফোনে ওই ব্যক্তি হরিদ্বারের 'হর কি পৌরি' ঘাট বিস্ফোরণে উড়িয়ে দেবেন বলে হুমকি দেন। সোমবার অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মূখ্যমন্ত্রীকে হুমকি দেয়া ওই ব্যক্তির নাম কেশবানন্দ বলে জানা গেছে।
শনিবার ৯ নভেম্বর ফোন এসেছিল মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াতের মোবাইল নম্বরে। মুখ্যমন্ত্রীর সচিব আনন্দ সিং রাওয়াত ফোনটি ধরেন। রবিবার হরিদ্বার থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আনন্দ সিং রাওয়াত।
আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালক অশোক কুমার জানিয়েছেন, হরিদ্বার থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযুক্তের নাম কেশাবানন্দ। তিনি উত্তরাখন্ডের পৌরি জেলার বাসিন্দা। হরিদ্বারের একটি ধাবাতে কাজ করতেন তিনি। মহাপরিচালক আরও জানান, ‘মানসিকভাবে অসংলগ্ন' বলেই মনে করা হচ্ছে এই ব্যক্তিকে এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
আরও পড়ুন: নূর হোসেনের পরিবারের কাছে দুঃখ করলেন রাঙ্গা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সঠিক সময়ে তার আধার কার্ড তৈরি না হওয়ায় বেজায় রেগে ছিলেন কেশবানন্দ। তিনি আগেও এরকম হুমকি দিয়েছিলেন এবং এর জন্য শাস্তিও পেয়েছিলেন বলে জানিয়েছেন অশোক কুমার। কেশবানন্দের কাউন্সেলিং করা হচ্ছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/এসএইচএম

