বিপুল ব্যবধানে জিতে প্রতিদ্বন্দ্বিতায় ফিরলেন জো বাইডেন

আপডেট : ০২ মার্চ ২০২০, ০৮:৫৯

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে ডেমোক্র্যাট প্রার্থী বাছাই পর্বে সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে বিপুল ব্যবধানে জিতে ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন দৌড়ের মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম তিন অঙ্গরাজ্যের ককাস ও প্রাইমারিতে তার ভোটপ্রাপ্তির হার ছিল খুবই কম।

শনিবার সাউথ ক্যারোলাইনাতে ডেমোক্র্যাট ভোটারদের ৪৮ দশমিক ৪ শতাংশের সমর্থন তিনি পেয়েছেন। আগের ককাস ও প্রাইমারিগুলোতে প্রাধান্য বিস্তার করা বার্নি স্যান্ডার্স হয়েছেন দ্বিতীয়। পেয়েছেন ১৯ দশমিক ৯ শতাংশের সমর্থন।

তবে চার অঙ্গরাজ্যের লড়াই শেষে ডেলিগেট বা প্রতিনিধি সংখ্যা বিবেচনায় ভারমন্টের সিনেটর স্যান্ডার্স এখনো শীর্ষে। সাউথ ক্যারোলাইনার বিশাল জয় বাইডেনকে এ তালিকার দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। মঙ্গলবার ‘সুপার টুইসডে’তে একসঙ্গে ১৪টি অঙ্গরাজ্যে ভোট হবে। সেখানেই নির্ধারিত হবে ১ হাজার ৩৫৭ প্রতিনিধির মধ্যে কার ঝুলিতে কতগুলো যাচ্ছে।

এরপরই দলীয় মনোনয়ন দৌড়ে কোন কোন প্রার্থীর অবস্থান ভালো, তা পরিষ্কার হবে। চূড়ান্তভাবে মনোনীত হতে হলে লড়াইয়ে থাকা প্রার্থীদের কাউকে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে মোট ৩ হাজার ৯৭৯ প্রতিনিধির মধ্যে অন্তত ১ হাজার ৯৯১ জনের সমর্থন অর্জন করতে হবে। কেউ এই সংখ্যক সমর্থন না পেলে জুলাইয়ে ডেমোক্র্যাট পার্টির সম্মেলনে ডেলিগেট ও সুপার ডেলিগেটরা মিলে প্রার্থী চূড়ান্ত করবেন।

উল্লেখ্য, আগের তিন অঙ্গরাজ্যে খারাপ করলেও কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সাউথ ক্যারোলাইনার দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন।—বিবিসি