ইসরাইলে নতুন নির্বাচন এড়াতে ঐক্যমতের জোট সরকার গড়ার ব্যাপারে চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রধান বিরোধী বেনি গ্যানজ। গতকাল আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের প্রধান দুই নেতা ঘোষণা করেছেন, তারা জোট সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে জটিল রাজনৈতিক সংকটের অবসান হচ্ছে।
এই সমঝোতা না হলে এক বছরের ব্যবধানে দেশটিতে চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতো। ক্ষমতা ভাগাভাগির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ভাষ্য প্রকাশ করা হয়নি।
তবে গ্যানজের ব্লু এন্ড হোয়াইট অ্যালায়েন্স এর একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষ রাজি হয়েছে যে, নেতানিয়াহু এখন প্রধানমন্ত্রী থাকবেন। ২০২১ সালের অক্টোবরে গ্যানজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর আগ পর্যন্ত সাবেক সেনা প্রধান গ্যানজ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া তার রাজনৈতিক জোটের কয়েকজন মন্ত্রী হবেন।

