এবার ইসরায়েল-আমিরাতের টেলিফোন সেবা চালু 

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৪:২৬

ঐতিহাসিক চুক্তির পরে এবার দুই দেশের মধ্যে টেলিফোন সেবা চালু করেছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত।  এর ফলে এখন থেকে দেশ দুইটির মধ্যে সরাসরি টেলিফোন করা যাবে। 

এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী 'ঐতিহাসিক শান্তি চুক্তির পরে পরস্পর টেলিফোন করেছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন'।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন যায়িদ আল-নাহিয়ানকে টেলিফোনের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবী আশকেনাজি রবিবার টুইটারের একটি বার্তায় লিখেছেন, দুই পক্ষই 'দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের আগে উভয় পক্ষই সরাসরি টেলিফোন যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।'

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের টেলিফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের টেলিফোন কোড উন্মুক্ত করে দিয়েছে।

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী ইয়োয়াজ হেন্ডেল বলছেন, (টেলিফোন কোড) উন্মুক্ত করে দেয়ার জন্য আমি সংযুক্ত আরব আমিরাতকে স্বাগত জানাই। 

তিনি আরও বলেন, অনেক অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে এবং দুই দেশের স্বার্থ রক্ষায় এটি আস্থা তৈরি করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তির বিষয়ে। 

আগামী তিন সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পদক্ষেপের মধ্যে অন্যতম এক দেশ আরেক দেশে দূতাবাস চালু করবে।

আন্তর্জাতিকভাবে বেশিরভাগ দেশই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে, তবে ফিলিস্তিন, ইরান আর তুরস্ক এর নিন্দা জানিয়েছে। বিবিসি

ইত্তেফাক/এসআর