ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৪:৩০

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী 'ব্ল্যাক লাইভস ম্যাটার'
আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবারের এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

মার্কিন পুলিশের পক্ষ থেকে এখনো নিহতের পরিচায় প্রকাশ করা হয়নি।

গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মৃত্যুর পর বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে পোর্টল্যান্ড। গত জুলাইতে পোর্টল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করেন ট্রাম্প। এদিকে বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে ট্রাম্পের সমর্থকরা পোর্টল্যান্ডে র‍্যালি করছেন। শনিবার টানা তৃতীয়বারের মতো ট্রাম্পের পক্ষে র‍্যালি বের করেন সমর্থকরা।   

   এক বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ কর্মকর্তারা গোলাগুলির শব্দ পেয়েছেন। সেখানে একজনের বুকে গুলি লাগে।  মেডিক্যাল দল এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন যে ওই ভুক্তভোগী মারা গেছেন। 

ইত্তেফাক/এআর