আফগানিস্তানে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৯:৩৬

আফগানিস্তানের দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণ হেলমান্দ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এছাড়াও স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দিতে এবং আহত সেনাদের ফিরিয়ে আনার কাজে নিয়োজিত ছিল।

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া লড়াইয়ে আহত সেনাদের পরিবহনের সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। যদিও দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত করেনি আফগান প্রশাসন।

আরও পড়ুন: ট্রাম্পের কাছে প্রবীণরা কেউই না: বাইডেন

জানা যায়, তালেবানের আক্রমণের মুখে গত চার দিন ধরে তুমুল সংঘর্ষ চলছে হেলমান্দ প্রদেশের লস্করগাহের বিভিন্ন এলাকায়। এবিসি নিউজ।

ইত্তেফাক/আরআই