তুর্কি বিরোধী দলীয় সংবাদপত্রের প্রধান সম্পাদকের ২৭ বছর জেল হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তিতে যুক্ত। ওই সাংবাদিকের নাম ক্যান ডুন্ডার। ২০১৬ সালে তুরস্কে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর তিনি জার্মানিতে পালিয়ে যান। জাতীয় ও আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির দায়ে তাকে কারাদণ্ডের সাজা শুনিয়েছেন তুরস্কের আদালত।
জানা যায়, তবে ডুন্ডার এখন জার্মানিতে। তার অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম পরিচালনা করে তুর্কি আদালত এই শাস্তি দিয়েছেন। এই রায় প্রসঙ্গে ডুন্ডার জানিয়েছেন, তিনি এই রায়ে একটুও অবাক হননি। তিনি সত্যি কথাগুলো প্রতিবেদনে লিখেছিলেন। তাকে এই কড়া শাস্তি দেয়ার উদ্দেশ্য হলো, তুরস্কে যাতে আর কোনো সাংবাদিক এভাবে স্পর্শকাতর বিষয়ে কথা বলার সুযোগ না পায়।
তিনি বলেন, তুর্কি আদালত পুরোপুরি এর্দোয়ান সরকারের অধীনে। ফলে অন্য কোনো আদালতে আবেদন জানিয়েও তেমন কোনো লাভ নেই। কিন্তু আমরা ইউরোপীয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে এই রায় নিয়ে যাব। তারা নিশ্চয়ই বলবে, আমি সাংবাদিকতা করেছি, সন্ত্রাসবাদ নয়।
২০১৬ সালে তুর্কি সাংবাদিক ক্যান ডুন্ডার জার্মানিতে পালিয়ে আসেন। এর আগে ২০১৫ সালে তিনি রিপোর্ট করেছিলেন, সিরিয়ায় বিদ্রোহীদের কাছে জাহাজভর্তি অস্ত্র পাঠাচ্ছে তুরস্ক। তারপরেই তাকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়। তিনিও তুরস্ক ছেড়ে পালান।
ইত্তেফাক/টিআর

