তুরস্ক সরকারের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব উপভোগ করছে কাতার। আজ শুক্রবার (১২ মার্চ) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।
তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই দুই দেশ নিজেদের মধ্যকার সহযোগিতার সম্পর্ক উপভোগ করছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দোহায় এক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হয় কাতার, তুরস্ক ও রাশিয়া। সেখানে উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কেবল কাতারের সঙ্গেই ভালো দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক তুরস্কের। যার কারণে ২০১৭ সালে দোহার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাকি উপসাগরীয় দেশগুলো। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও মিশর।
অবশ্য গত জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশগুলো। এর মধ্য দিয়ে দোহার সঙ্গে আবারও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক চালু করেছে তারা।
এ চুক্তি হলেও তুরস্ক ও ইরানের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে তখন জানিয়েছিল কাতার। এমনকি জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে আঙ্কারা-তেহরানের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দোহা।
ইত্তেফাক/টিএ/এএইচপি

