কয়েকদিন ধরেই আলোচনার জন্ম দিয়েই চলেছেন ভারতের ইয়োগা গুরু রামদেব। অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। এরপর তার বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির মামলাও হয়। তবে সেগুলোর তোয়াক্কা না এবার তাকে গ্রেফতার করা নিয়ে প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রামদেব। যাতে জন্ম নিয়েছে নতুন সমালোচনার। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, প্রশাসনকে চ্যালেঞ্জ করার ওই ভিডিও গতকাল বৃহস্পতিবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে আত্মবিশ্বাসী রামদেব একপ্রকার হাসতে হাসতে গ্রেফতারির এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সরাসরি নাম না নিলেও ভিডিওতে ভারতের কেন্দ্রীয় সরকারকে তিনি নিশানা করছেন বলে মনে করা হচ্ছে।
ভিডিওতে রামদেবকে বলতে শোনা যায়, স্বামী রামদেবকে তাদের বাবাও গ্রেপ্তার করতে পারবে না। তারা ‘ঠগ রামদেব’, ‘মহাঠগ রামদেব’, ‘গ্রেফতার রামদেব’ এসব ট্রেন্ড করাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তারা এ রকম করুক। আমার এসব দেখে অভ্যস্ত।
অ্যালোপ্যাথি চিকিৎসা এবং অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ অ্যারেস্টরামদেব ট্রেন্ড হতে শুরু হয়েছে। এই ট্রেন্ডের প্রেক্ষিতেই ওই মন্তব্য করেন রামদেব।
সম্প্রতি এক ভিডিওতে রামদেবকে বলতে শোনা যায়, চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।
এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। এরপরেই সমালোচনা শুরু হয়ে যায়। রামদেবের উদ্দেশে চিঠি লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও। সেখানে তিনি লেখেন, আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছেন। ফোনে এ কথা আপনাকে জানিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশবাসীর কাছে ঈশ্বরের মতো। তারা প্রাণের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে চলেছেন।
বিতর্কিত মন্তব্যের জন্য রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর উত্তরাখণ্ড শাখা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।
এক নোটিশে আইএমএ জানিয়েছে, ভিডিও বার্তায় অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে নিজের বিবৃতি বদলানো এবং ক্ষমা চাইতে হবে রামদেবকে। তার জন্য তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তিনি ক্ষমা না চাইলে এক হাজার কোটি টাকা দাবি করা হবে।
আনন্দবাজার জানায়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতকেও রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
ইত্তেফাক/টিআর

