লেবাননে তেল সংকট: ইরান থেকে ট্যাঙ্কার আনছে হিজবুল্লাহ, নাখোশ যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ আগস্ট ২০২১, ১০:৫৮

গত শতাব্দীতে গৃহযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে লেবানন। দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক গত সপ্তাহে জানিয়েছে, তারা আরো আমদানিতে অর্থায়ন করবে না। ফলে লেবাননে তেলের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইরান থেকে তেল সংগ্রহ করে লেবাননে নিচ্ছে হিজবুল্লাহ। শীঘ্রই এই চালান রওনা হবে।

লেবাননের মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেছেন, লেবাননে ইরানের ট্যাঙ্কারের প্রয়োজন ছিল না, কারণ উপকূলে জ্বালানি জাহাজের একটি সম্পূর্ণ গুচ্ছ তেল নামানোর অপেক্ষায় আছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, চালানটিকে বাধা দেওয়ার যেকোনো পদক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েল আসলেই এটা থামাতে কোনো পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তাদের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যামনন শেফলার।

তবে হিজবুল্লাহর বিরোধী সুন্নি রাজনীতিক ও লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি বলেছেন, দেশে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে। এর মধ্যে এমন পদক্ষেপ লেবাননের ওপর নিষেধাজ্ঞার ঝুঁকি ডেকে আনবে।

ইত্তেফাক/এসএ