কৃষ্ণাঙ্গদের সঙ্গে বনমানুষের তুলনা করার পর ক্ষমা চাইলো ফেসবুক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০১

কৃষ্ণাঙ্গদের সঙ্গে বনমানুষের তুলনা করার অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে। জুকেরবার্গের সংস্থার এআই কাঠগড়ায়। ‘টপিক রেকমেন্ডেশন’ ফিচারটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ক্ষমাও চাওয়া হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থার তরফ থেকে।

গত বছরের ২০ জুন ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য ডেইলি মেইল’-এর ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি কৃষ্ণাঙ্গ ব্যক্তির সঙ্গে ঝগড়া করার পর পুলিশকে ডাকছেন। এক ইউজার ওই ভিডিও দেখার সময় তার কাছে ফেসবুকের স্বয়ংক্রিয় বার্তায় জানিয়ে দেওয়া হয় ‘বনমানুষদের দেখতে হলে ভিডিও দেখুন’। এই ফিচারের কাজই ইউজারের মন বুঝে তার পছন্দমতো ভিডিওর উল্লেখ করা।

Facebook Labels Video Of Black Men As 'primates', Issues Apology After  Backlash

ওই ভিডিওয় কোনও বানর, শিম্পাঞ্জি, গরিলা জাতীয় প্রাণীদের দেখা যায়নি। কী করে ফেসবুকের এআই ওই ভিডিওটিকে বনমানুষের ভিডিওর সঙ্গে তুলনা করে বসল। ফেসবুকের প্রাক্তন কনটেন্ট ডিজাইন ম্যানেজার ডার্সি গ্রুভস ওই সুপারিশের স্ক্রিনশট শেয়ার করে মন্তব্য করেছেন, ‘এই কিপ সিয়িং প্রম্পটকে একেবারেই মেনে নেওয়া যায় না, এটা মারাত্মক ভুল।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রেগে যান স্ক্রিনশটটি দেখে।

এমন অভিযোগে শুক্রবার ফেসবুকের তরফে জানানো হয়েছে তারা এই ফিচারটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। সেই সঙ্গে পুরো বিষয়টির জন্য দুঃখপ্রকাশও করেছে। সংবাদ সংস্থা এএফপি’র প্রশ্নের উত্তরে ফেসবুকের তরফে বলা হয়েছে,  ‘যারা এই আপত্তিকর সুপারিশ দেখেছেন তাদের সকলের কাছে আমরা ক্ষমা চাইছি।’

ইত্তেফাক/এফএস