ইউরোপের প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ সংসদ পেলো আইসল্যান্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

নারী সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আইসল্যান্ড। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সর্বশেষ ফল অনুযায়ী, সংসদের ৫২ শতাংশ আসনে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা। এর মধ্য দিয়ে বিশ্বের ৬ষ্ঠ এবং ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ সংসদ পেতে যাচ্ছে দেশটি। খবর প্রকাশ বিবিসি।

চূড়ান্ত ফলের পূর্বাভাস অনুযায়ী, আইসল্যান্ডের ৬৩ আসনের সংসদে নারী নির্বাচিত হয়েছেন ৩৩টি আসনে। অর্থাৎ এ বছর দেশটির মানুষ পুরুষের চেয়েও নারী প্রার্থীদের বেশি ভোট দিয়েছেন। সবমিলিয়ে মোট ৫২ শতাংশ আসনে জয়ী হয়েছেন নারী প্রার্থীরা।

No description available.

এর আগে ২০১৭ সালের নির্বাচনে ২৪টি আসনে জয় পেয়েছিল নারীরা। এবার আরও ৯টি আসন বেড়ে ৩৩টি হলো। ইউরোপে এই প্রথম কোনো দেশ ৫০ শতাংশ বা তদুর্ধ্ব নারী সাংসদ পেল। এর আগে সর্বোচ্চ নারী সাংসদ পেয়েছিল সুইডেন। সেখানে নারীরা ৪৭ শতাংশ আসন দখল করেছে।

সর্বোচ্চ ৬১.৩ শতাংশ নারী সাংসদ আফ্রিকার দেশ রুয়ান্ডায়। এর পরই রয়েছে যথাক্রমে কিউবায় ৫৩.৪ শতাংশ ও নিকারাগুয়ায় ৫০.৬ শতাংশ।

আইসল্যান্ডের সংসদে আইনগতভাবে নারী প্রতিনিধি নির্বাচনের কোনো কোটা কিংবা সংরক্ষিত আসন নেই। তবে অধিকাংশ রাজনৈতিক দলেই নির্দিষ্টসংখ্যক নারী প্রার্থী দেওয়ার নিয়ম রয়েছে। লিঙ্গসমতা সূচকেও দেশটি এগিয়ে রয়েছে। লিঙ্গসমতা নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সূচকে টানা ১২ বছরের মতো শীর্ষ স্থান দখল ধরে রেখেছে আইসল্যান্ড।

ইত্তেফাক/টিএ