শনিবার (২ অক্টোবর) একদিনেই তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে চীনা বিমান বাহিনীর ৩৯টি বিমান প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে একটি নতুন উচ্চতা স্থাপন করেছে চীন। যেটি দ্বীপ রাষ্ট্রটির (তাইওয়ান) সরকারকে ক্ষুব্ধ করেছে এবং বেইজিংয়ের সঙ্গে তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুটি তরঙ্গে চীনের ৩৯টি বিমানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাইওয়ানের যোদ্ধারা। চীনা বিমানকে সতর্ক করতে যুদ্ধ বিমান পাঠিয়েছে দেশটি। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা হয় ক্ষেপনাস্ত্র পদ্ধতি।
এদিকে, চীনের এমন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু তসেং-চ্যাং। তিনি বলেন, চীন সামরিক আগ্রাসনে লিপ্ত এবং আঞ্চলিক শান্তি নষ্ট করছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বেইজিং।
ইত্তেফাক/টিএ

