হংকংয়ে সংসদ সদস্যদের মারামারি দেখুন(ভিডিও)

আপডেট : ১১ মে ২০১৯, ১৯:৪২

হংকংয়ের সংসদে একটি আইন পাশ করাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সংসদ সদস্যরা। এতে আহত হয়েছেন কয়েকজন। খবর গার্ডিয়ানের।

জানা গেছে, হংকংয়ের সংসদে আইনের একটি সংশোধনী হয়েছে।  এতে বলা হয়, চীনের মূল ভূখণ্ড বা ম্যাকাও কিংবা তাইওয়ানে হংকংয়ের কোনো নাগরিকের নামে মামলা হলে অভিযুক্তকে সে অঞ্চলে বিচারের জন্য পাঠানো হবে। এই নিয়ে শনিবার পক্ষে ও বিপক্ষের আইন প্রণেতাদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

চীনাপন্থী আইন প্রণেতাদের যুক্তি হলো, কোনো অপরাধী এক ভূখণ্ডে অপরাধ করে অন্য ভূখণ্ডে গিয়ে যাতে সহজেই বিচারের আওতাহীন না থাকতে পারে তা নিশ্চিত করাই সংশোধনীর উদ্দেশ্য।

আর হংকংপন্থী আইনপ্রণেতারা মনে করেন, এই আইনের মাধ্যমে হংকংয়ের যে কোনো মানুষকে অভিযুক্ত করে খুব সহজেই চীনের মূল ভূমিতে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং অভিযুক্তদের ওপর অযৌক্তিক রায় চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ হংকং বাসিন্দাদের চীনের নিকট হস্তান্তর করা হচ্ছে। এর ফলে হংকংয়ের বাসিন্দাদের মামলায় জড়ানোর ঝুঁকি এবং অনিরাপদ জীবনের আশঙ্কা আরও বেড়ে যাবে।

আরো পড়ুন: উ. কোরিয়ার অস্ত্র পরীক্ষা ‘বিশ্বাসভঙ্গ’ নয়: ট্রাম্প

গত মাসে আইনটি সংশোধনের বিপক্ষে হাজার হাজার হংকংবাসি বিক্ষোভ করেছিল। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য মতে, এই আইন সংশোধনী সরাসরি হংকংয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং এর ফলে হংকং বিশ্ব বাণিজ্যে আকর্ষণ হারাবে।

ইত্তেফাক/টিএস