চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রান্সটেড চলতি সপ্তাহেই তিব্বত সফরে যাচ্ছেন। চার বছরের মধ্যে কোনো মার্কিন রাষ্ট্রদূতের এটাই হবে প্রথম তিব্বত সফর। সোমবার মার্কিন দূতাবাস থেকে একথা বলা হয়েছে।
বেইজিং আমেরিকান কূটনীতিক, সাংবাদিক ও পর্যটকদের তিব্বতে যেতে বাধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন অভিযোগের দুই মাস পর টেরি ব্রান্সটেড এ সফরে যাচ্ছেন।
দূতাবাসের এক মুখপাত্র ই-মেইলে জানান, সফরকালে তিনি তিব্বত ছাড়াও পার্শ্ববর্তী কিংঘাই প্রদেশেও যাবেন। মুখপাত্র আরো বলেন, ‘সফরটি তিব্বতে ধর্মীয় স্বাধীনতার এবং সেখানকার সংস্কৃতি ও ভাষার ওপর রাষ্ট্রের হস্তক্ষেপের ব্যাপারে উদ্বেগ জানাতে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের একটি সুযোগ।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রদূত তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলে সফরের এ সুযোগকে স্বাগত জানিয়েছেন। তিনি সকল মার্কিন নাগরিককে অঞ্চলটিতে ঢুকতে দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।’
ব্রান্সটেড তার সফরের সময় সেখানকার স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বিভিন্ন স্কুল, ধর্মীয় স্থান ও ঐতিহ্যপূর্ণ সাংস্কৃতিক এলাকা ঘুরে দেখবেন। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তিনি এ সফরে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালের মে মাসে ব্রানস্টাডের পূর্বসূরি ম্যাক্স বাউকুস সর্বশেষ তিব্বত সফর করেন। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।
ইত্তেফাক/এসআর

