ভারত-মার্কিন শুল্কযুদ্ধে কি ইতি পড়তে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত তেমনই। জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা একটা বড়ো ঘোষণা করতে চলেছি, বিরাট বাণিজ্যিক চুক্তি।’ আবার বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকালই ট্রাম্প বলেছিলেন, ভারতের উচিত বর্ধিত শুল্ক তুলে নেওয়া। এ নিয়ে তিনি মোদির সঙ্গে কথা বলবেন। এর পর ট্রাম্পের এ মন্তব্যের পরই শুল্ক বিবাদ মেটার জল্পনা তুঙ্গে উঠেছে।
শুক্রবার থেকে ওসাকায় শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এ সম্মেলনের ফাঁকেই ইন্দো-মার্কিন দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের আগেই ট্রাম্প বলেছেন, আমি মনে করি, আমরা বিরাট একটা ঘোষণা করতে চলেছি। বিরাট একটা বাণিজ্যিক চুক্তি। বাণিজ্য ও উত্পাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি।
ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘বৃহত্তর ক্ষেত্র’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মোদিও বলেন, ‘প্রযুক্তি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা এবং অবধারিতভাবেই বাণিজ্য নিয়ে কথা হয়েছে। আমেরিকার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো মজবুত করতে আমরা বদ্ধপরিকর।’ অন্য দিকে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখেল সাংবাদিকদের বলেন, খুব শিগগিরই দুই দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠক করবেন এবং এ বিবাদের সুষ্ঠু সমাধান বার করবেন।’
ইত্তেফাক/এসআর

