শ্রীলঙ্কায় মুসলিম বিদ্বেষ নিয়ে সতর্ক করেছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বুধবার এক বিবৃতিতে জিদ্দাহ ভিত্তিক ওআইসি বলেছে, দেশটিতে মুসলিম বিদ্বেষ বৃদ্ধি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি নির্দিষ্ট গ্রুপ মুসলিমদের হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে যার ফলে সমাজে অসহিষ্ণু অবস্থা তৈরি হচ্ছে। সংস্থাটি শ্রীলঙ্কার সরকারকে এই দিকটিতে নজর দেওয়ার আহবান জানিয়েছে।
মুসলমানদের নিরাপত্তায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে ওআইসি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছে বিবৃতিতে। সংস্থাটি মনে করে, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। একটা সম্প্রদায় সন্ত্রাসবাদের জন্য দায়ী হতে পারে না। শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলায় ২৫৮ জন নিহত হন। এই হামলার দায়িত্ব আইএস স্বীকার করলেও সরকারের একটি অংশ এবং বৌদ্ধদের কিছু কট্টরপন্থি গ্রুপ স্থানীয় মুসলমানদের দায়ী করছে যার সতত্য প্রমাণ করা যায়নি।
আরও পড়ুন: সাত বছরের শিশুকে যৌন নির্যাতনের পর হত্যা
এদিকে শ্রীলঙ্কার কানডি জেলায় কাল মুসলমানরা তাদের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে কট্টরপন্থি বৌদ্ধরা রবিবার সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর মুসলিম গোষ্ঠীগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে দেশটিতে চারজনের মৃত্যুদন্ড কার্যকরের ওপর ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। -ডেইলি সাবাহ ও রয়টার্স

