ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৮:২৮

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়ছে। গতকাল ইউরেনিয়াম মজুদের পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। এরপরই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করে নতুন পরিকল্পনা থেকে সরে আসতে তেহরানের প্রতি আহবান জানিয়েছে। ইসরাইল নতুন পরিকল্পনাকে ইরানের পরমাণু বোমা তৈরির চেষ্টা বলে উল্লেখ করেছে। খবর রয়টার্স ও বিবিসির।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্মেলনে বলেছেন, ইরান পরমাণু চুক্তি রক্ষা করতে চায়। কিন্তু চুক্তির অংশীদার ইউরোপীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদের সীমা আরো বাড়াবো। তেহরানের আনবিক সংস্থার মুখপাত্র বেহরৌজ কামলাভান্দি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অন্যান্য অংশীদাররা কার্যকর পদক্ষেপ না নিলে প্রতি ৬০ দিন অন্তর অন্তর পরমাণু চুক্তির লংঘন ঘটানো হবে। আমরা যে কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে প্রস্তুত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ফোনালাপ করেছেন। পারমাণবিক চুক্তি রক্ষায় কি ধরনের শর্ত নিয়ে আবার আলাপ শুরু করা যায় তা নিয়ে ফ্রান্স ও ইরান একমত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রঁ। তাঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের আধাঘণ্টার বেশি সময় ধরে টেলিফোনে আলাপ হয়েছে। এর ফলে তেহরান পারমাণবিক চুক্তি রক্ষায় নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হল। যদিও প্রেসিডেন্ট ম্যাক্রঁ তেহরানের নতুন চেষ্টার নিন্দা জানিয়েছেন।

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানকে এখনই নতুন পরমাণু কার্যক্রম বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নও একই দাবি জানিয়ে বলেছে, এর ফলে পরমাণু চুক্তির লংঘন ঘটবে। একই কথা বলেছে জার্মানি।

ইত্তেফাক/এসআর