‘ভারতরত্ন’ পেলেন প্রণব মুখার্জী

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৯:৪৫

ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতে এই সম্মান তুলে দিলেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে এই নিয়ে চারজন বাঙালির হাতে উঠল এই সম্মান। বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়, অমর্ত্য সেনের পর চতুর্থ বাঙালি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান পেলেন প্রণব মুখোপাধ্যায়। 

ভারতীয় রাজনীতির চাণক্য তিনি। ৮৩ বছরের প্রণব মুখোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছেন বহু উত্থান-পতন। একা হাতে সামলেছেন বহু গুরুত্বপূর্ণ পদ। রাজনৈতিক জীবনের প্রান্ত সীমায় এসে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতিরও। 

পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের জন্যে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাঁকে দেওয়া হয় ভারত রত্ন খেতাব। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান বৃহস্পতিবারই হাতে পান তিনি। 

এই সম্মানের জন্যে তাঁকে বেছে নেওয়ায় দেশের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২৬ জানুয়ারি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, ‘আমি এই দেশের জনগণের কাছে চিরকৃতজ্ঞ। আন্তরিক ধন্যবাদ জানিয়েছি দেশের রাষ্ট্রপতিকেও।’

আরও পড়ুনঃ বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা, হতাহত ৭

প্রণব মুখোপাধ্যায় ছাড়াও এই বিরল সম্মান তুলে দেওয়া হয় প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখের পরিবারের হাতে।

ইত্তেফাক/টিএস