বিদেশি পিস্তলসহ টেকনাফে ৩ রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা যুবকের আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯), মো. শাহজাহান (৪৫)।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা এই অস্ত্র বহন করছিল।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আটক তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের। ধারণা করা হচ্ছে, তারা কোনো ডাকাত দলের সদস্য হতে পারে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি