চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলারোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মল্লিক বাড়ির দূর্গাপদ মল্লিক (৬০) এবং তার ছেলে বিধান মল্লিক বাবু (৪০)। দূর্গাপদ মল্লিকের ২ছেলে ১মেয়ের মধ্যে বিধান মল্লিক বাবু সবার বড়। নিহত বাবু কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ১ছেলে ১মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী আতিক হামীম জানান, চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলীর দিকে আসার পথে স্প্রীড ব্রেকারে মোটরসাইকেল গতি কমায়। এসময় পিছন দিকে আসা পিক-আপটি দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটি পৃষ্ঠ করে সামনের আরেক মাইক্রো গাড়িকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে পিতার মৃত্যু হয় এবং ছেলেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।
নিহতের স্থানীয় সূত্র জানা যায়, নিহতরা পরিবার নিয়ে চট্টগ্রাম শহরের ফিশারিঘাটে বসবাস করতো। ঘটনারদিন তারা মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় আসতেছিলো।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের জানান, সংঘর্ষে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। চালককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত ১জনকে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রয়েছে।

