সিলেটে মাদক সেবন করিয়ে শিশুকে ধর্ষণ

আপডেট : ০২ জুন ২০২৬, ২১:০৬

সিলেটের রেল স্টেশন এলাকায় ১২ বছরের এক ভবঘুরে শিশুকে মাদক সেবন করিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) ভোর রাত ৪টার দিকে সিলেট রেল স্টেশনের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোদন (৩৫) নামে এক মাদকসেবী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত লোদন রেল স্টেশন এলাকাতেই বসবাস করত এবং সে একজন নিয়মিত মাদকসেবী। প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকত। ঘটনার রাতে লোদন ওই মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সঙ্গে করে নিয়ে প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে পরে পরিত্যক্ত বিল্ডিংটিতে নিয়ে তাকে ধর্ষণ করে। 

পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে গ্রেপ্তার করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ‘উদ্ধারকৃত শিশুটি ভবঘুরে। এই ঘটনায় যারা অভিযুক্ত তারা মাদকসেবী। তারা সকলেই রেল স্টেশন এলাকায় রাতযাপন করে। শিশুর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

ইত্তেফাক/এমএসআর