সাংবাদিকদের চাকরি রক্ষা করবে সম্প্রচার আইন: তথ্যমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:৪৮

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার সম্প্রচার সাংবাদিক ও কর্মীদের চাকরির সুবিধার আইনি সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। পিআইবির সেমিনার হলে সম্প্রচার গণমাধ্যমে বিভিন্ন সমস্যা সম্পর্কে এক আলোচনা সভায় তিনি গতকাল এ কথা বলেন। মন্ত্রী বলেন, আসুন টেলিভিশনশিল্পকে বাঁচাতে সবাই একসঙ্গে কাজ করি। যদি সম্প্রচার আইন পাশ হয়, তাহলে আইনি সুরক্ষা নিশ্চিত হবে।

পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে ব্রডকাস্টিং মিডিয়া সেন্টার (বিজেসি) ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের গণমাধ্যম খাতে বড়ো ধরনের বিপ্লব হয়েছে। সভায় আরো বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিজেসি ট্রাস্টি মোজাম্মেল বাবু, মুন্নী সাহা, মামুনুর রহমান খান ও বিজেসির চেয়ারম্যান রেজাউন হক রাজা।