রাজধানীর গুলশানে একটি ওয়্যার হাউজে অভিযান চালিয়েছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ৩৮৬ বোতল অবৈধ বিদেশি মদ ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ওয়্যার হাউজটির নাম ইস্টার্ন ডিপ্লোমেটিক সার্ভিসেস লিমিটেড। গতকাল সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনের ঐ ওয়্যার হাউসটিতে অভিযান চালায় র্যাব ১। রাত ১টায় অভিযান শেষ হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, ওয়্যার হাউজ থেকে কূটনীতিদের কাছে মদ বিক্রির অনুমতি আছে। কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে ঢাকার বিভিন্ন বার ও ব্যক্তির কাছে মদ বিক্রি করা হয়। পাশাপাশি ফেনসিডিলও বিক্রি করে প্রতিষ্ঠানটি। এসব অভিযোগে অভিযান চালানো হয়। এটির মালিক আহম্মেদ বারি মাইনুল। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, অভিযানে ৩৮৬ বোতল অবৈধ বিদেশি মদ ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
