উল্লাপাড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণ!

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্থানীয়দের অর্থায়নে প্রায় ৪০০ মিটার একটি সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

স্থানীয় আব্দুল বাতেন হিরু জানান, শহর থেকে পৌর বাস টার্মিনালে কম সময়ে ভ্যান ও রিকশা নিয়ে আসা-যাওয়া করতে সড়কটি নির্মাণ করা হয়েছে। ৪০০ মিটার দীর্ঘ ও ১২ ফুট প্রশস্ত সড়কটি নির্মাণ ও চলাচলের উপযোগী করতে এ পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। কলেজপাড়ার বাসিন্দারা এ অর্থের জোগান দিয়েছেন।

উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, পৌরসভা থেকে এরই মধ্যে সড়কটি পাকা করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি অনুমোদন ও অর্থ বরাদ্দ হলে কম সময়ের মধ্যেই দরপত্রের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।