নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রামের দুই ইউনিয়নের এলজিইডির আঞ্চলিক সড়কের তিনটি ভাঙা কালভার্ট এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কালভার্ট ভেঙে যাওয়ায় ফলে এলাকাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কালভার্টগুলো হলো উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলি-কুন্দারহাট সংযোগ সড়কের বেলগাড়ীতে ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই-মাটিহাঁস সংযোগ সড়কের টিনপট্টি ও চক কড়ই এলাকায়।
স্থানীয়রা জানান, চার মাস ধরে কহুলি-কুন্দারহাট সংযোগ সড়কের বেলগাড়ীতে কালভার্টের অনেক অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশে বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন পথচারীরা। শুধু ভেঙে যাওয়া অংশই নয়, পুরো কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অপরদিকে সাত মাস আগে হাটকড়ই-মাটিহাঁস সংযোগ সড়কের টিনপট্টি ও চককড়ই এলাকায় কালভার্ট ভেঙে পড়েছে। এ কারণে ঐ এলাকার সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
উপজেলার কহুলি গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম জানান, কহুলি-কুন্দারহাট সড়ক ধরেই আমাদের ইউনিয়ন পরিষদে আসতে হয়। এছাড়াও এই সড়ক দিয়েই স্কুল-কলেজে যেতে হয় শিক্ষার্থীদের। হাটবাজারে কৃষিপণ্য আনা-নেওয়া হয় এ পথেই। কালভার্টটির ছাদের অংশ ভেঙে গেছে। ফলে ভাঙা কালভার্টের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে যানবাহনসহ এলাকার মানুষ চলাচল করছে। এ ভাঙা কালভার্টটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে যেকোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা।
ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ভাঙা কালভার্টগুলো দ্রুত নির্মাণের চেষ্টা করছি।
উপজেলা প্রকৌশলী ফজলুল হক বলেন, ভেঙে যাওয়া কালভার্টগুলোর তালিকা তৈরি করা হয়েছে। তালিকাগুলো অনুমোদন হয়ে এলেই টেন্ডারের মাধ্যমে কাজ করা হবে।
