স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর সদর উপজেলার পালিচড়া থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ আরপিএমপির পুলিশ কনস্টেবল সাদ্দামসহ তার সহযোগী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহূত মোটর সাইকেলটি জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী রংপুর সদর কোতোয়ালী থানার এসআই আতাউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাট থেকে ৩৭০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। সাদ্দাম রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ লাইনের ক্যান্টিন দেখাশোনার দায়িত্বে আছেন। তিনি বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এ সময় তার সহযোগী একই গ্রামের আবেদ আলীর ছেলে মিলনকে গ্রেফতার করা হয়।
