সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়লে জাতি উপকৃত হবে --------------ফরিদা ইয়াসমিন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৬

নরসিংদী প্রতিনিধি

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পেশার সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পেলে জাতি উপকৃত হবে।

বৃহস্পতিবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টি হোসেন অ্যান্ড কোং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মাওলানা তারেক আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা প্রমুখ।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো. মাজহারুল পারভেজ, সিনিয়র সহসভাপতি এ কে ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান ভুঁইয়া, শিক্ষক মোসলেহ উদ্দিন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, কৌতুক ও ফ্যাশন শো পরিবেশন করে।