ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৭

যুবক কারাগারে

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে মো. ঝরমনি নামের যুবক। এ সময় মেয়ের চিত্কার শুনে মা গিয়ে দুর্বৃত্তকে ধরে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দেন। গুরুতর আহত স্কুলছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।

বুধবার গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বখাটে ঝরমনি ঐ গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে। এ ঘটনায় ছাত্রীর চাচা বাদী হয়ে বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝরমনিকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো চাকু দিয়ে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আসামি ঝরমনিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।