গুদাম সিলগালা
কক্সবাজার প্রতিনিধি
গুদামে সংরক্ষিত চাল নিয়ে অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ সময় খাদ্যগুদামটিও সিলগালা করা হয়। শুক্রবার দুপুরের শেষ সময়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান।
আটকরা হলেন—কক্সবাজার সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যান চাল নিয়ে নয়ছয় করার ঘটনায় প্রধান অভিযুক্ত কামরুল নামে আরেক কর্মকর্তা।
কক্সবাজার সদর ইউএনও এএইচএম মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার দুপুরে সদর খাদ্যগুদাম এলাকায় গিয়ে খাদ্য কর্মকর্তাসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ও জেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে যাই।
ইউএনও আরো বলেন, গুদামটিতে ৫০ কেজি চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই খাদ্যগুদামটি আমরা সিলগালা করেছি। পরবর্তীতে তদন্ত করে আরো ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা।
