স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
বসুন্ধরা কিংস আজ শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তেরেঙ্গানু এফসিকে হারালেই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমিফাইনালে উঠে যাবে। কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা চেন্নাই সিটি এফসিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল। এরপর গত বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে তেরেঙ্গানু এফসি ও গোকুলাম কেরালার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় বসুন্ধরার সামনে শেষ চারে ওঠার সম্ভাবনা দেখা দেয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ড্র করলে অবশ্য পরিস্থিতি জটিল হয়ে পড়বে। কেননা, দিনের প্রথম ম্যাচে গোকুলাম যদি বড়ো ব্যবধানে হেরেও যায়, তারপরও টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেডে পিছিয়ে পড়ে বিদায় নেবে বড়ো বাজেটের দল বসুন্ধরা। তাই দলটির সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি জানালেন, জয়ের জন্যই মাঠে নামবে তার দল।
গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের কোচ রক্সি বলেন, ‘জয় ছাড়া আর কোনো পথ নেই আমাদের। আমাদের স্লোগানেই আছে ‘বর্ন টু বিট’। জেতার জন্যই আমাদের জন্ম। এখন যে সমীকরণ দাঁড়িয়েছে, তাতে জয় ছাড়া উপায় নেই আমাদের। আর প্রতিপক্ষের শক্তি-সামর্থ্য বিবেচনা করেই আমাদের দল সাজাতে হবে।’
মিডফিল্ডার রবিউল হাসানের কণ্ঠেও ঝরে পড়ল একই সুর, ‘আমরা জেতার জন্যই মাঠে নামব। অন্য কোনো পরিকল্পনা নেই। শেখ কামালে আমাদের অংশগ্রহণের লক্ষ্য ছিল আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়া, বোঝাপড়া ঠিক করা। ক্লাব কর্তৃপক্ষ আমাদের ওপর শিরোপা জেতার চাপ দেয়নি। কিন্তু আমরা খেলোয়াড়েরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ভালো কিছু করতে চাই।’
তেরেঙ্গানু সব ধরনের প্রতিযোগিতায় শেষ সাত ম্যাচ ধরে অপরাজিত। এমন এক দলের বিপক্ষে প্রতিযোগিতায় বাঁচা-মরার লড়াইয়ে কাজটা সহজ হবে না তা ভালো করেই আঁচ করছেন বসুন্ধরার সহকারী কোচ। জানালেন, সেটা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে তার দল, ‘ওরা ভালো দল, ভালো ফুটবল খেলে। মালয়েশিয়ান ফুটবলে শীর্ষের দিকেই আছে। তাদের খেলার ধরন মাথায় রেখেই পরিকল্পনা সাজাব আমরা।’
প্রতিপক্ষ দলে থাকা লি টাক চলতি টুর্নামেন্টে নিষ্প্রভ। তারপরও বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতার কারণেই অন্যদের তুলনায় তিনিই বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন বসুন্ধরার জন্য। এমন অভিমত দিয়ে রক্সি জানালেন, তাকে রুখতে বিশেষ পরিকল্পনাও আছে বসুন্ধরার। তিনি বলেন, ‘আমরা লি টাককে দেখেছি। সে প্রতিপক্ষ দলের মূল খেলোয়াড়। আমাদের এখানেও খেলে গেছে। ওর গত দুই ম্যাচের খেলা আমরা দেখেছি। ওকে কীভাবে রুখতে হবে, সেই পরিকল্পনা আমাদের করা আছে।’
এদিকে তেরেঙ্গানুর সামনে সমীকরণটা একটু সহজ। হার এড়াতে পারলেই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে একই সমীকরণ থাকবে গোকুলাম কেরালার সামনে। তবে তেরেঙ্গানু কোচ নাফুজি জেইন ও গোকুলামের কোচ সান্তিয়াগো ভারেলা জানিয়েছেন, জয় দিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করতে চান তারা।
আজকের খেলা
গোকুলাম কেরালা-চেন্নাই সিটি এফসি
বসুন্ধরা কিংস-তেরেঙ্গানু এফসি
