স্মরণে দিল মনোয়ারা মনু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

শিল্পী রোকাইয়া হাসিনা নীলি গান ধরলেন ‘এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়’। রবীন্দ্রনাথের গানের এই কথা যেন দিল মনোয়ারা মনুর কথা হয়ে মিলনায়তন ভর্তি দর্শকদের হূদয়ে বেজে উঠল। গতকাল ছায়ানট মিলনায়তনে সদ্য প্রয়াত দিল মনোয়ারা মনু স্মরণে ‘মনে রেখো’ শিরোনামে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে তার স্বজন ও অনুরাগীরা। অনুষ্ঠানে দিল মনোয়ারা মনুর প্রিয় গান গেয়ে শোনান শিল্পীরা, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকাররা।

তার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, মৃদুভাষী দিল মনোয়ারা মনু নারী সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি একাধারে ছিলেন সাংবাদিক, সমাজসেবী ও লেখক। মানুষ হিসেবেও তিনি ছিলেন উঁচু মানের। মৃত্যু অবধারিত। কিন্তু তিনি যেন কোনো সময় না দিয়েই চলে গেলেন। মানুষের কল্যাণেই তিনি তার সময় ব্যয় করেছেন। তিনি আমাদের হূদয়ে বেঁচে থাকবেন আজীবন।

দিল মনোয়ারা মনুকে স্মরণ করে স্মৃতিচারণ করেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলস্টেইন, সাংবাদিক কামাল লোহানী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নারীনেত্রী খুশী কবির, নাসিমুন আরা হক, রাখী দাশ পুরকায়স্থ, রোখসানা সুলতানা, ইলিরা দেওয়ান, দিল মনোয়ারা মনুর ছোটো ভাই সোহেল ইবনে আলী, স্বামী শামসুল হুদা প্রমুখ।

আলোচনার বিভিন্ন পর্বে বারে বারে আসেন শিল্পী রোকাইয়া হাসিনা নীলি। এছাড়াও, অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শিল্পীরা। আবৃত্তি করেন কাজী মদিনা, ঝর্ণা সরকার, রফিকুল ইসলাম প্রমুখ।