পাইলটের দক্ষতায় বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। গতকাল শুক্রবার বিকালে সৈয়দপুর বিমানবন্দরে প্রচণ্ড ঝড়ো হাওয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৫ বিমানটি। উলটে যাওয়ার আগ মুহূর্তে পাইলট ইয়ারকিন বিমানটি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করেন। বিজি-৪৯৫ উড়োজাহাজের কেবিনের দায়িত্বে থাকা হ্যাপী জানান, গতকাল বিকালে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৯৫ বিমানটি দুই শিশুসহ ৪৬ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরে রওনা দেন। বিকাল ৬টা ১৫ মিনিটে উড়োজাহাজটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে প্রচণ্ড ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে। উড়োজাহাজটি ল্যান্ডিং করার মুহূর্তে প্রচণ্ড একটি দমকা হাওয়ায় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। উড়োজাহাজটি রানওয়ের কিনারায় পৌঁছে গেলে পাইলট সেটি দ্রুত টার্ন করে রানওয়েতে ফিরিয়ে আনে এবং নিরাপদে থামিয়ে দেন। তিনি আরো বলেন, এ ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিমান থেকে নেমে যাওয়ার সময় যাত্রীরা পাইলটকে ধন্যবাদ জানান।
