আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:৩৮

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল রবিবার দুপুর ২টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

দেশের ক্রিকেটের প্রয়োজনে সাকিব আল হাসানকে নির্বাচনে আসতে নিরুত্সাহিত করা হলেও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিকে কেন আনা হচ্ছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অনেক আগে থেকেই মাশরাফির বিষয়টি ভাবা হচ্ছে। তিনি তার নির্বাচনী এলাকায় কাজ করছেন। তবে সাকিবকে দেশের স্বার্থে আরো খেলতে বলেছেন প্রধানমন্ত্রী। আমাদের কাছে দলের চেয়ে দেশের স্বার্থ বড়। তাই সাকিবকে ক্রিকেটে থাকতে বলা হয়েছে।

দলীয় মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই। এই আসন থেকে দশম সংসদের সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান। মনোনয়ন ফরম সংগ্রহের আগে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।