স্ত্রীকে কী বলতে নেই, কী বলতে হয়

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

  খালিদ ফেরদৌস

 

v বিয়ের কিছুদিন পর পরসুন্দরীর দিকে চোখ যাবে; সাথে স্ত্রী থাকলে তাকাতে নেই!

বরং বিয়ের পর আপনি অন্য মেয়ের দিকে তাকান না এমন ভান করতে হয়।

v দাম্পত্য জীবন পুরাতন হয়ে গেলে মাঝে মাঝে বউ ছাড়া বন্ধুদের সাথে ঘুরতে ভালো লাগবে, এটা বউকে বলতে নেই!

আহ্লাদী করে বলতে হয়, ওগো ঘুরতে যাবে? তোমাকে ছাড়া কোথাও আমার ঘুরতে যেতে ইচ্ছাই করে না।

v অফিস থেকে এসে শরীর ছেড়ে দিয়েছেন, বিছানার সাথে লেগে গেছেন, চোখে রাজ্যের ঘুম।

বউ এসে রাগান্বিত হয়ে বলল, অলসের ডিব্বা একটা! বাসায় এসেই ঘুম। তোমাকে কবে থেকে বলছি, শপিংয়ে যাব। এখনি উঠো বলছি!

এমন সময় হাজার কষ্ট হলেও বলতে নেই, আজ শপিংয়ে না গেলে হয় না!

বরং বিশাল আগ্রহ নিয়ে বলতে হয়, আরে লক্ষ্মী আমি ঘুমাচ্ছিলাম না। তুমি সাজছিলে তাই একটু সুযোগ করে দিলাম আরকি।

v বাড়িতে ভাই-বোনের লেখাপড়ার খরচ বাবদ কিছু টাকা পাঠিয়েছেন এটা কোনোভাবেই বউকে বলতে নেই।

বরং খুশি খুশি মুডে বলা যাবে আজ শালাবাবুর ফরম ফিল-আপের জন্য হাজার সাতেক টাকা পাঠালাম।

v স্বামী-স্ত্রী সিনেমা দেখছেন নায়িকার শরীরের সংবেদনশীল অংশে তাকাতে নেই!

বরং এ সময় বউকে শান্ত রাখতে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকাতে হয়।

v পরের স্ত্রী সে যদি বউয়ের বোনও হয়, তার প্রশংসা করতে নেই।

বরং বলতে হয়, আমার কিউটি বউটা দিন দিন ভয়াবহ সুন্দর হয়ে যাচ্ছে।

v বউ মোটা হয়ে যাচ্ছে কিন্তু বলতে নেই।

বরং বউ রোগা-পটকা ইউনুস হয়ে যাচ্ছে এটা ঘটা করে বলতে হয়!

v বউ বাজার থেকে তিনশ টাকার অফার পেয়ে তিন হাজার টাকার জিনিস কিনে পয়সা জলে দিয়েছে, কিন্তু বলতে নেই।

বরং বলতে হয় কত্ত বুদ্ধি আমার বউয়ের আমার তিনশ টাকা বাঁচিয়ে দিয়েছে।

v আপনি খুব সাশ্রয়ী দামে কাঁচা বাজার করে আনছেন, এটা বলতে নেই।

কারণ সে আপনাকে বলবেই বেশি দামে খারাপ শাক-সবজি কিনেছেন।

বলতে হয়, আমি আর বাজার করা শিখলাম না, তুমি হলে এই জিনিসপত্র আমার চেয়ে কম দামে কিনতে পারতে।

v বাজার থেকে খুব দেখে ভালো মাংস-মাছ কিনেছেন কিন্তু বলতে নেই, কারণ বউ বলবে, মাংসে হাড় ভরা, মাছ পচা।

বরং বলবেন আমি মাংস কিনতে গেলেই কসাই বেটা গোপনে হাড় আর মাছ বিক্রেতা পচা মাছ দিয়ে দেয়।

v বউ প্রাণের তেঁতুলের চাটনি নিয়ে যেতে বলেছে; ভুল করে চাটনি নিতে ভুল করবেন না। ভুল করলে সর্বনাশ। পূর্বের সব অর্জন-পরিশ্রম বৃথা। বউ বলে বসবে, তুমি আমার জন্য জীবনে কিছুই করলে না!

বরং তেঁতুলের চাটনি নিতে বললে, পুরো তেঁতুল গাছসহ কিনে বাড়ি নিয়ে যাবেন।

v পাশের বাড়ির ভাবীর রান্না ভালো হয়েছে, স্ত্রী সামনে প্রশংসা করতে নেই!

বরং স্ত্রীর রান্না খাওয়া যাচ্ছে না, খুব বিস্বাদ হয়েছে; মালুম মালুম করে খেয়ে বলতে হবে, খুব দারুণ হয়েছে। এমন খাবার কত দিন খাইনি।

v অফিসে সুন্দরী মেয়ে কলিগ আছে কিন্তু বউকে বলতে নেই।

বরং বলতে হয়, আমাদের মতো প্রতিষ্ঠানে মেয়েদের আকাল পড়েছে, অফিসে একটা মেয়ে কলিগও চোখে পড়ে না!

v সহকর্মীর পদন্নোতি হয়েছে, ভুলেও বউকে বলতে নেই!

বরং বলতে হয়, অফিসে আমিই একমাত্র যোগ্য অফিসার যার ডাবল প্রমোশন হয়।

v কেউ গাড়ি কিনেছে, বউকে মনের ভুলেও বলতে নেই।

বরং বলতে হয়, আসছে বছর ঈদের আগেই কার লোন নিয়ে তোমাকে প্রাইভেট কার কিনে দেব।

v পাশের বাড়ির ভাবি ভাইকে খুব আদর করে, বলতে নেই।

বরং ভাই ভাবিকে খুব আদর করে এটা বলতে হয়।

রাতে স্বামীকে জলি ভাবি হাতে তুলে খাইয়ে দেয়, কিন্তু মুখ ফসকেও বলতে নেই।

বরং বলতে হয়, আসিফ ভাই জলি ভাবিকে কি মহব্বত করে হাতে তুলে খাইয়ে দেয়।

ভাবি ভাইয়ের সব কাপড়-চোপড় পরিষ্কার করে দেয়, এটা বলতে নেই!

বরং ভাই ভাবির সব কাপড়-চোপড় পরিষ্কার করে দেয়, এটা হাসিমুখে বলতে হয়।

v অতিরিক্ত সাজের কারণে বউকে দেখতে ভূতের মানুষ সংস্করণ লাগছে কিন্তু বলতে নেই!

বরং ভালো না লাগলেও ইনিয়েবিনিয়ে বলতে হয়, তোমাকে ঐশ্বরিয়া বা ক্লিওপেট্রার মতো লাগছে।

প্রভাষক, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ